শুক্রবার , ১০ জুলাই ২০২৬
শুক্রবার , ১০ জুলাই ২০২৬
হোমবিশ্বযুক্তরাষ্ট্রকে সহায়তার অভিযোগে ইউরোপের সমালোচনায় ইরান

যুক্তরাষ্ট্রকে সহায়তার অভিযোগে ইউরোপের সমালোচনায় ইরান

favicon
ভোরের আলো ডেস্ক:
যুক্তরাষ্ট্রকে সহায়তার অভিযোগে ইউরোপের সমালোচনায় ইরান

ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রকে সহায়তা করার অভিযোগ এনে ইউরোপীয় দেশগুলোর তীব্র সমালোচনা করেছে তেহরান। দেশটির দাবি, সংঘাতের সময় ইউরোপ নিরপেক্ষ অবস্থানে ছিল না; বরং বিভিন্নভাবে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করেছে।


ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, উত্তর আটলান্টিক সামরিক জোটের মহাসচিবের বক্তব্য থেকেই স্পষ্ট, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের সময় ইউরোপীয় দেশগুলো প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছে।


তিনি অভিযোগ করেন, যেসব দেশ নিজেদের ভূখণ্ড, সামরিক ঘাঁটি ও অবকাঠামো ব্যবহারের সুযোগ দিয়েছে, তারা এই সামরিক অভিযানের দায় এড়াতে পারে না। তার ভাষায়, এসব সহায়তা সংঘাতকে আরও জটিল করেছে এবং এর পরিণতির দায়ও সংশ্লিষ্ট দেশগুলোকেই বহন করতে হবে।


ইরানের এই প্রতিক্রিয়া আসে উত্তর আটলান্টিক সামরিক জোটের মহাসচিব মার্ক রুটের সাম্প্রতিক মন্তব্যের পর। তিনি যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলাকে প্রয়োজনীয় বলে উল্লেখ করেন এবং জানান, সংঘাত চলাকালে জোটভুক্ত দেশগুলো বিভিন্ন ধরনের রসদ ও কারিগরি সহায়তা দিয়েছে।


রুটের দাবি অনুযায়ী, যুদ্ধের প্রথম ছয় সপ্তাহে ইউরোপের বিভিন্ন সামরিক ঘাঁটি থেকে কয়েক হাজার বিমান উড্ডয়ন করে, যা যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমে সহায়ক ভূমিকা পালন করে।


ইরানের অভিযোগ নতুন করে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং পশ্চিমা দেশগুলোর ভূমিকা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা আরও জোরালো করে তুলেছে।