বিদেশি তেল সরবরাহ সংকটে আবারও দেশব্যাপী বিদ্যুৎ বিপর্যয়ে কিউবা
বিদেশি তেলের সরবরাহ ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়েছে কিউবা। শুক্রবার (১০ জুলাই) দেশটির বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইউনিয়ন ইলেক্ট্রিকা দে কিউবা এ তথ্য জানিয়েছে।
আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে কিউবা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। এর আগে গত সোমবারও একই ধরনের দেশব্যাপী বিদ্যুৎ গোলযোগের ঘটনা ঘটে।
চলতি বছর এ নিয়ে কিউবায় চারবার বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় দেখা দিল। এর আগে মার্চ মাসে দেশজুড়ে আরও দুটি সম্পূর্ণ বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে, যা বিদ্যুৎ খাতের চলমান সংকটকে আরও স্পষ্ট করে তুলেছে।
বিশ্লেষকদের মতে, জ্বালানি সংকট, পুরোনো বিদ্যুৎ অবকাঠামো এবং বিদেশি তেলের সরবরাহে বিঘ্ন কিউবার বিদ্যুৎ ব্যবস্থাকে আরও চাপের মুখে ফেলেছে।
উল্লেখ্য, ১৯৬০-এর দশক থেকে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি বাণিজ্য নিষেধাজ্ঞার আওতায় রয়েছে কিউবা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর দেশটির ওপর চাপ আরও বাড়িয়েছেন এবং কমিউনিস্ট-শাসিত কিউবার রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তন আনার নীতি অনুসরণ করে আসছেন।