চট্টগ্রামের বন্যা পরিস্থিতি মোকাবিলায় ৭ উপজেলায় সেনাবাহিনী মোতায়েন
টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় সৃষ্ট আকস্মিক বন্যা মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীকে সাতটি উপজেলায় মোতায়েন করা হয়েছে। বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চট্টগ্রাম জেলা প্রশাসকের জরুরি অনুরোধের পর সেনাবাহিনীর ১০ ও ২৪ পদাতিক ডিভিশনের সদস্যরা দুর্গত এলাকায় অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন।
বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলা। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে এসব এলাকায় প্রায় চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পরিস্থিতি মোকাবিলায় ১০ পদাতিক ডিভিশনের উদ্ধারকারী দল প্রয়োজনীয় সরঞ্জামসহ দুর্গত এলাকায় কাজ শুরু করেছে।
এদিকে, বোয়ালখালী, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলাতেও ভারী বর্ষণে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এসব এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করতে ২৪ পদাতিক ডিভিশনের সদস্যদের মোতায়েন করা হয়েছে।
আইএসপিআর জানায়, দুর্গত এলাকায় আটকে পড়া মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাসদস্যরা নিরবচ্ছিন্নভাবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করছেন। ত্রাণ কার্যক্রম আরও কার্যকর করতে ২৪ পদাতিক ডিভিশন বন্যাকবলিত এলাকায় ইতোমধ্যে তিনটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাকৃতিক দুর্যোগে বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সাধারণ মানুষের জানমাল রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।