রবিবার , ১২ জুলাই ২০২৬
রবিবার , ১২ জুলাই ২০২৬
হোমসারা দেশটানা বৃষ্টিতে রাঙামাটিতে পাহাড় ধসের শঙ্কা, উদ্ধার প্রস্তুতিতে আনসার-ভিডিপি

টানা বৃষ্টিতে রাঙামাটিতে পাহাড় ধসের শঙ্কা, উদ্ধার প্রস্তুতিতে আনসার-ভিডিপি

favicon
ভোরের আলো ডেস্ক:
টানা বৃষ্টিতে রাঙামাটিতে পাহাড় ধসের শঙ্কা, উদ্ধার প্রস্তুতিতে আনসার-ভিডিপি

ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার কার্যক্রম জোরদার, বিশেষ উদ্ধার দল প্রস্তুত**


রাঙামাটি: কয়েক দিনের টানা বর্ষণে রাঙামাটিতে আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় উদ্ধার ও জননিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া এবং সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।


দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় গত ২৯ জুন রাঙামাটি জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে উপজেলা কর্মকর্তাদের নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রত্যন্ত এলাকার স্বেচ্ছাসেবী ও ভাতাভোগী সদস্যদের সতর্ক থাকার পাশাপাশি পাহাড়ের ঢালে বসবাসকারী মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।


ভারী বর্ষণ শুরুর আগেই আনসার ও ভিডিপির সদস্যরা ঝুঁকিপূর্ণ এলাকায় প্রচারণা শুরু করেন। তারা বাড়ি বাড়ি গিয়ে পাহাড় ধসের ঝুঁকি সম্পর্কে মানুষকে সচেতন করেন এবং প্রয়োজন হলে দ্রুত আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।


বৃষ্টির তীব্রতা বাড়ার পর স্থানীয় প্রশাসনের সহায়তায় দুর্গম পাহাড়ি এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ আরও জোরদার করা হয়। শিশু, নারী ও বয়স্কদের প্রয়োজন অনুযায়ী সহায়তা করে আশ্রয়কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন বাহিনীর সদস্যরা।


মাঠপর্যায়ের কার্যক্রম আরও কার্যকর করতে উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তারা নিয়মিত জরুরি সভা ও ব্রিফিংয়ের আয়োজন করছেন। পাশাপাশি জেলা প্রশাসনের চিহ্নিত আশ্রয়কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সেখানে দিন-রাত দায়িত্ব পালন করছেন বাহিনীর সদস্যরা।


এখনও যারা পাহাড়ধসের ঝুঁকি থাকা সত্ত্বেও নিজ বাড়ি ছাড়তে অনিচ্ছুক, তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে হ্যান্ড মাইকের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকা খালি করতে স্থানীয় বাসিন্দাদের বারবার অনুরোধ জানানো হচ্ছে।


জরুরি পরিস্থিতি মোকাবিলায় আনসার ব্যাটালিয়নের একটি বিশেষ দলও প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে যৌথভাবে উদ্ধার অভিযান ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবে দলটি।


এদিকে বাহিনীর মহাপরিচালক রাঙামাটিসহ দেশের বন্যাকবলিত এলাকায় দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি উদ্ধার, সতর্কীকরণ ও মানবিক সহায়তা কার্যক্রম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালনার নির্দেশ দিয়েছেন। মাঠপর্যায়ে এসব কার্যক্রম তদারকিতে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারাও সরাসরি উপদ্রুত এলাকায় দায়িত্ব পালন করছেন।