চুয়াডাঙ্গায় বহিষ্কৃত যুবদল নেতার ওপর হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকায় স্থানান্তর
চুয়াডাঙ্গা শহরে বহিষ্কৃত যুবদল নেতা জাহিন শেখের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলায় তিনি গুরুতর আহত হন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে শহরের হোমিওপ্যাথি কলেজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত জাহিন শেখ চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জ পুলিশ লাইন এলাকার মৃত রজব আলীর ছেলে। তিনি জেলা যুবদলের সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন। পরে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তদের হামলায় জাহিন শেখ গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হয়।
হামলার ঘটনায় কারা জড়িত এবং এর পেছনের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। ঘটনাটি তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।