সোমবার , ১৩ জুলাই ২০২৬
সোমবার , ১৩ জুলাই ২০২৬
হোমসারা দেশজলাবদ্ধতায় বন্ধ নিউ মার্কেট, বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন

জলাবদ্ধতায় বন্ধ নিউ মার্কেট, বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন

favicon
ভোরের আলো ডেস্ক:
জলাবদ্ধতায় বন্ধ নিউ মার্কেট, বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন

টানা বর্ষণে রাজধানীর নিউ মার্কেট এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় রোববার (১২ জুলাই) সকাল থেকে মার্কেটের সব দোকানপাট বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তার কথা বিবেচনা করে পুরো মার্কেটের বিদ্যুৎ সংযোগও সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে।


নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির অফিস সেক্রেটারি ফিরোজ উল ইসলাম গণমাধ্যমকে জানান, শনিবার রাত থেকে টানা বৃষ্টির কারণে মার্কেট এলাকায় পানি জমে যায়। এ পরিস্থিতিতে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে দোকান খোলা হয়নি।


তিনি বলেন, বর্তমানে নিউ মার্কেটের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। জলাবদ্ধতার কারণে ক্রেতাদের উপস্থিতিও নেই। পাশাপাশি নিরাপত্তাজনিত কারণে ডিপিডিসি পুরো মার্কেটের বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখেছে।


ফিরোজ উল ইসলাম আরও জানান, পরিস্থিতির উন্নতি হলে সোমবার দোকানপাট পুনরায় চালু করা হবে কি না, সে বিষয়ে ব্যবসায়ী সমিতি সিদ্ধান্ত নেবে।


এদিকে শনিবার রাত থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির কারণে সড়ক ও নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে যান চলাচল ব্যাহত হওয়ায় নগরবাসীর দুর্ভোগ বেড়েছে। পরিস্থিতির কারণে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) নগরবাসীকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে।