টেকনাফে বন্যাদুর্গত ২০০ পরিবারকে বিজিবির ত্রাণ সহায়তা
কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। রোববার (১২ জুলাই) বিকেলে টেকনাফ উপজেলার হোয়াইক্যং বিওপির দায়িত্বাধীন কোনাপাড়া গ্রামে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উখিয়া ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু সেক্টর কমান্ডার কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. মাসুদ রানা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার বাসিন্দারা।
ত্রাণ বিতরণ শেষে কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিজিবি নিয়মিত সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। তিনি জানান, সীমান্ত এলাকার মানুষের সঙ্গে বিজিবির দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে এবং বিভিন্ন প্রয়োজনে স্থানীয় জনগণও বাহিনীকে সহযোগিতা করে।
তিনি আরও বলেন, দুর্যোগ ও সংকটের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বিজিবির দায়িত্বেরই অংশ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি।