সোমবার , ১৩ জুলাই ২০২৬
সোমবার , ১৩ জুলাই ২০২৬
হোমসারা দেশসাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে গুলি, পালিয়ে গেল দুই সন্দেহভাজন চোরাকারবারি

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে গুলি, পালিয়ে গেল দুই সন্দেহভাজন চোরাকারবারি

favicon
ভোরের আলো ডেস্ক:
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে গুলি, পালিয়ে গেল দুই সন্দেহভাজন চোরাকারবারি

সাতক্ষীরা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানের সময় দুই ভারতীয় সন্দেহভাজন চোরাকারবারিকে লক্ষ্য করে গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়েছে বাহিনীটি।


রোববার (১২ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) তলুইগাছা বিওপির দায়িত্বাধীন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।


বিজিবি সূত্র জানায়, নিয়মিত টহলের সময় সীমান্তের মেইন পিলার-১৩ সংলগ্ন বাংলাদেশের প্রায় ৫০ গজ অভ্যন্তরে চারাবাড়ি এলাকায় দুই ব্যক্তির সন্দেহজনক চলাচল নজরে আসে। টহলরত সদস্যরা তাদের থামতে, পরিচয় দিতে এবং আত্মসমর্পণের নির্দেশ দিলেও তারা তা অমান্য করে ভারতের দিকে পালানোর চেষ্টা করেন।


এ সময় বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের গতিরোধের উদ্দেশ্যে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। এরপর দুই ব্যক্তি সীমান্তসংলগ্ন ঝোপঝাড়ের ভেতর দিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যেতে সক্ষম হন।


ঘটনার পর বিজিবি সদস্যরা এলাকাজুড়ে তল্লাশি চালালেও কাউকে আটক করা সম্ভব হয়নি। বাহিনীটির দাবি, গুলির ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।