ফেনীতে বাড়ছে মুহুরী নদীর পানি, বন্যার শঙ্কায় আতঙ্কিত স্থানীয়রা
টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলে ফেনীর মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, উজানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে নদীর পানি দ্রুত বিপৎসীমা অতিক্রম করতে পারে।
সোমবার (১৩ জুলাই) বিকেলে মুহুরী নদীর পানির স্তর রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৬০ মিটার, যা বিপৎসীমার ৯৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীটির বিপৎসীমা ১২ দশমিক ৫৫ মিটার।
নদীর পানি বাড়তে থাকায় তীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, প্রতিবছর বর্ষা মৌসুমে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। তাই ঝুঁকিপূর্ণ বাঁধ দ্রুত মেরামত এবং অনুমোদিত ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প’ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।
ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, সোমবার দুপুর ৩টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় জেলায় ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী দিনে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমতে পারে বলেও তিনি জানান।
পাউবোর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, সাম্প্রতিক সময়ে নদীর পানির ওঠানামার ধরণ কিছুটা ব্যতিক্রম। সোমবার সকাল ৬টায় পানির স্তর ছিল ৯ দশমিক ৩৫ মিটার, যা বিকেল ৫টার মধ্যে বেড়ে ১১ দশমিক ৬০ মিটারে পৌঁছেছে। তিনি বলেন, পানি বিপৎসীমা অতিক্রম করলে বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে।