বুধবার , ১৫ জুলাই ২০২৬
বুধবার , ১৫ জুলাই ২০২৬
হোমসারা দেশচট্টগ্রামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা-ভাঙচুর, চাঁদা দাবির অভিযোগ

চট্টগ্রামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা-ভাঙচুর, চাঁদা দাবির অভিযোগ

favicon
ভোরের আলো ডেস্ক:
চট্টগ্রামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা-ভাঙচুর, চাঁদা দাবির অভিযোগ

চট্টগ্রাম মহানগরের চকবাজার থানার চন্দনপুরা এক্সেস রোড এলাকায় একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটির দাবি, এককালীন ২ কোটি টাকা এবং মাসিক ১০ লাখ টাকা চাঁদা দাবি পূরণ না করায় এ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় পুলিশের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।


সোমবার (১৩ জুলাই) দুপুরে ডিজিটাল ডটনেট (ডিডিএন) নামের প্রতিষ্ঠানটির কার্যালয়ে ৩০ থেকে ৪০ জনের একটি সশস্ত্র দল প্রবেশ করে ভাঙচুর চালায় বলে অভিযোগ করা হয়। প্রতিষ্ঠানের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা বিভিন্ন কম্পিউটার ও ল্যাপটপ ভাঙচুরের পাশাপাশি প্রায় ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়। হামলার সময় অধিকাংশ হামলাকারীর মুখে মাস্ক ছিল এবং তাদের কারও হাতে আগ্নেয়াস্ত্র, রামদা, শাবল ও ধারালো অস্ত্র দেখা যায়। তবে কর্মীদের শারীরিকভাবে আঘাত করা হয়নি।


প্রতিষ্ঠানটির কর্ণধার আদিল বিন মামুন জানান, হামলার আগে নিজেকে ‘ডেভিড ইমন’ পরিচয় দেওয়া এক ব্যক্তি ফোন করে এককালীন ২ কোটি টাকা এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি দাবি করেন, নির্ধারিত সময়ের মধ্যে অর্থ না দেওয়ায় প্রকাশ্যে হামলা চালানো হয়েছে।


সোমবার সন্ধ্যায় প্রতিষ্ঠানের কর্মকর্তা মো. শামশুদ্দোহা মিনহাজ বাদী হয়ে চকবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।


এদিকে, আদিল বিন মামুন ও কথিত ‘ডেভিড ইমন’-এর একটি ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অডিওতে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি, অর্থ দাবি এবং ব্যবসা পরিচালনা নিয়ে বিভিন্ন বক্তব্য শোনা যায়। তবে অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।


চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সিনিয়র সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশীদ বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।