বুধবার , ১৫ জুলাই ২০২৬
বুধবার , ১৫ জুলাই ২০২৬
হোমসারা দেশচট্টগ্রামে বন্যার পানিতে বেড়েছে সাপের উপদ্রব, এক সপ্তাহে দংশনের শিকার ৯৩ জন

চট্টগ্রামে বন্যার পানিতে বেড়েছে সাপের উপদ্রব, এক সপ্তাহে দংশনের শিকার ৯৩ জন

favicon
ভোরের আলো ডেস্ক:
চট্টগ্রামে বন্যার পানিতে বেড়েছে সাপের উপদ্রব, এক সপ্তাহে দংশনের শিকার ৯৩ জন

টানা বৃষ্টি ও বন্যার কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সাপের উপদ্রব বেড়েছে। গত সাত দিনে জেলার বিভিন্ন এলাকা থেকে সাপের কামড়ে আক্রান্ত ৯৩ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসকদের ভাষ্য, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি সাপের দংশনের অন্যতম সর্বোচ্চ সংখ্যা।


হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ নম্বর মেডিসিন ওয়ার্ডে ১৩ জন ভর্তি রয়েছেন। তাদের সবার পায়ে সাপের কামড় লেগেছে এবং বিষক্রিয়ার কারণে তীব্র ব্যথায় ভুগছেন। ভর্তি রোগীদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে।


চিকিৎসকদের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে আটজন সবুজ বিষধর সাপের কামড়ে আহত হয়েছেন। এছাড়া কোবরা ও রাসেলস ভাইপারের মতো বিষাক্ত সাপের দংশনের ঘটনাও রয়েছে। অনেক রোগীর আক্রান্ত স্থানে নীলচে বর্ণ ধারণ করেছে, যা বিষক্রিয়ার একটি লক্ষণ।


তবে চিকিৎসকদের মতে, আক্রান্তদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হওয়ায় এখন পর্যন্ত সাপের কামড়ে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। বন্যাকবলিত এলাকায় বসবাসকারীদের চলাচলের সময় সতর্ক থাকার এবং সাপের কামড় লাগলে দ্রুত নিকটস্থ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।