বিপৎসীমার ওপরে তিস্তার পানি, তিস্তাপাড়ে ফের বন্যার শঙ্কা
টানা ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে নীলফামারীর তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে তিস্তাপাড়ের বাসিন্দাদের মধ্যে আবারও বন্যার শঙ্কা দেখা দিয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৯টার হিসাবে ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। টানা ১৫ ঘণ্টারও বেশি সময় ধরে পানি বিপৎসীমার ওপরে থাকায় চলতি মৌসুমে চতুর্থবারের মতো বন্যার আতঙ্কে রয়েছেন তীরবর্তী এলাকার মানুষ।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী দুই দিনে রংপুর বিভাগের নদ-নদীর পানি আরও দ্রুত বাড়তে পারে। এর ফলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নীলফামারী ও লালমনিরহাট জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, পানি আরও বাড়লে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তবে সম্ভাব্য নদীভাঙন ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় পানি উন্নয়ন বোর্ড প্রস্তুত রয়েছে। তিনি জানান, প্রয়োজনীয় বালুর বস্তা ও জিও ব্যাগ ইতোমধ্যে মজুত রাখা হয়েছে।