বুধবার , ১৫ জুলাই ২০২৬
বুধবার , ১৫ জুলাই ২০২৬
হোমসারা দেশকুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, তিন দফা দাবি

কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, তিন দফা দাবি

favicon
ভোরের আলো ডেস্ক:
কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, তিন দফা দাবি

কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন শতাধিক এইচএসসি পরীক্ষার্থী। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে কুমিল্লার কান্দিরপাড় পূবালী চত্বর থেকে মিছিল নিয়ে শিক্ষা বোর্ডের দিকে যাওয়ার সময় পুলিশি বাধার মুখে পড়লেও পরে তারা শিক্ষা বোর্ডের প্রধান ফটকে অবস্থান নেন।


বিক্ষোভে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি কলেজ, রূপসী বাংলা কলেজ, কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, সোনার বাংলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানান।


শিক্ষার্থীদের উত্থাপিত তিনটি দাবি হলো—


* দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত করা।

* বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষা নেওয়া।

* আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ।


পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষা বোর্ডের সামনে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. সালাউদ্দিন, কুমিল্লা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা এবং কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।


শিক্ষা বোর্ডের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো শোনা হয়েছে। যেসব বিষয়ে শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে, সেগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর যেসব বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল, সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।


কুমিল্লা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা জানান, পরীক্ষার্থীদের দাবির বিষয়ে আলোচনা করতে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ সভা আহ্বান করা হয়েছে। ওই সভার সিদ্ধান্তের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ জানানো হবে।