গাজায় পুলিশ স্টেশনে ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ৭ পুলিশ সদস্য
ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় একটি পুলিশ স্টেশনে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত সাতজন পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে আলজাজিরা।
আলজাজিরার গাজা সিটি প্রতিনিধি হানি মাহমুদের প্রতিবেদনে বলা হয়েছে, এক ঘণ্টার মধ্যে একটি ইসরায়েলি ড্রোন থেকে পরপর চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলায় পুলিশ স্টেশনের পরিচালক, উপপরিচালকসহ আরও পাঁচজন পুলিশ সদস্য নিহত হন।
প্রতিবেদনে বলা হয়, নিহত পুলিশ সদস্যরা বাস্তুচ্যুত মানুষের একটি শিবিরসংলগ্ন বাজার এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছিলেন।
আলজাজিরার প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গাজাজুড়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবকাঠামো ও স্থাপনাগুলো লক্ষ্য করে ইসরায়েল ধারাবাহিকভাবে হামলা চালিয়ে আসছে। এর ফলে উপত্যকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটছে এবং বিশৃঙ্খলা ও প্রশাসনিক শূন্যতা বাড়ছে বলে দাবি করা হয়েছে।
এ ঘটনার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।