বুধবার , ১৫ জুলাই ২০২৬
বুধবার , ১৫ জুলাই ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাবিশ্ববাজারে ঘুরে দাঁড়াল সোনা-রুপার দাম, ডলার দুর্বলতায় ঊর্ধ্বমুখী বাজার

বিশ্ববাজারে ঘুরে দাঁড়াল সোনা-রুপার দাম, ডলার দুর্বলতায় ঊর্ধ্বমুখী বাজার

favicon
ভোরের আলো ডেস্ক:
বিশ্ববাজারে ঘুরে দাঁড়াল সোনা-রুপার দাম, ডলার দুর্বলতায় ঊর্ধ্বমুখী বাজার

আন্তর্জাতিক বাজারে টানা দরপতনের পর আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সোনা ও রুপার দাম। মঙ্গলবার (১৪ জুলাই) স্পট গোল্ডের দাম ০.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২১.৩৮ ডলারে পৌঁছেছে। দিনের শুরুতে দাম দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেলেও পরে তা পুনরুদ্ধার হয়।


একই সময়ে আগস্ট মাসে সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচার্সের দাম ০.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২৯.২০ ডলারে লেনদেন হয়েছে।


বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন ডলারের সূচক ০.২ শতাংশ কমে যাওয়ায় ডলারে নির্ধারিত সোনা অন্যান্য মুদ্রার ক্রেতাদের কাছে তুলনামূলক সাশ্রয়ী হয়েছে। এতে সোনার চাহিদা বেড়ে দাম ঊর্ধ্বমুখী হয়েছে।


এদিকে বিনিয়োগকারীদের নজর এখন যুক্তরাষ্ট্রের জুন মাসের মূল্যস্ফীতির (সিপিআই) তথ্য এবং ফেডারেল রিজার্ভের চেয়ারম্যানের কংগ্রেসে দেওয়া বক্তব্যের দিকে। বিশ্লেষকদের মতে, মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি হলে সুদের হার আরও বাড়তে পারে, যা ভবিষ্যতে সোনার দামের ওপর চাপ সৃষ্টি করতে পারে।


বাজার সংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা এবং হরমুজ প্রণালিকে ঘিরে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। এতে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগও বৃদ্ধি পেয়েছে।


অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও মিশ্র প্রবণতা দেখা গেছে। স্পট সিলভারের দাম ০.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৭.৯০ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ০.৬ শতাংশ বেড়ে ১ হাজার ২৫৪.৫২ ডলারে পৌঁছেছে। তবে প্লাটিনামের দাম ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৫৯৯.৪৩ ডলারে নেমেছে।


এদিকে দেশের বাজারে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত নতুন দামে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।


রুপার বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৬০৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮৫৮ টাকা।