দর্শক কমায় চাপে নেটফ্লিক্স, নতুন কৌশলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা
বিশ্বের জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স দর্শকদের আগ্রহ ধরে রাখতে বাড়তি চ্যালেঞ্জের মুখে পড়েছে। একদিকে স্ট্রিমিং বাজারে প্রতিযোগিতা বাড়ছে, অন্যদিকে জনপ্রিয় সিরিজগুলোর নতুন মৌসুমে দর্শকের আগ্রহ কমে যাওয়ায় প্রতিষ্ঠানটির ওপর চাপ তৈরি হয়েছে।
রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার নেটফ্লিক্স চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশ করবে। তার আগে বিনিয়োগকারীদের মূল প্রশ্ন—দর্শকসংখ্যা কমার এই প্রবণতার মধ্যে প্রতিষ্ঠানটি কীভাবে আবার প্রবৃদ্ধির পথে ফিরবে।
চলতি বছরে নেটফ্লিক্সের বাজারমূল্য ২০ শতাংশেরও বেশি কমেছে। একই সঙ্গে প্রত্যাশা অনুযায়ী বাড়েনি প্রতিষ্ঠানটির বিজ্ঞাপনভিত্তিক ব্যবসাও।
এই পরিস্থিতিতে দর্শক আকর্ষণে নতুন কৌশল নিয়েছে নেটফ্লিক্স। লাইভ অনুষ্ঠান ও বড় ক্রীড়া ইভেন্ট সম্প্রচারে গুরুত্ব বাড়ানোর পাশাপাশি ২০৩০ ও ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের যুক্তরাষ্ট্রে সম্প্রচার স্বত্ব অর্জনে আগ্রহ দেখাচ্ছে প্রতিষ্ঠানটি। এছাড়া জনপ্রিয় চলচ্চিত্রভিত্তিক সামাজিক প্ল্যাটফর্ম ‘লেটারবক্সড’ অধিগ্রহণের বিষয়েও আলোচনা চলছে।
অন্যদিকে, জনপ্রিয় সিরিজগুলোর নতুন মৌসুম প্রত্যাশিত সাড়া না পাওয়াও নেটফ্লিক্সের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ‘দ্য নাইট এজেন্ট’ এবং ‘বিফ’-এর মতো সফল সিরিজের পরবর্তী মৌসুমে দর্শকসংখ্যা প্রায় অর্ধেক বা তারও বেশি কমে গেছে।
বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে নেটফ্লিক্সের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নতুন ও পুরোনো দর্শকদের আবারও প্ল্যাটফর্মে ফিরিয়ে আনা এবং দীর্ঘমেয়াদে তাদের আগ্রহ ধরে রাখা।