বৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
বৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
হোমসারা দেশএইচএসসি পরীক্ষার্থীদের শাহবাগ অবরোধে স্থবির যান চলাচল, চরম ভোগান্তিতে নগরবাসী

এইচএসসি পরীক্ষার্থীদের শাহবাগ অবরোধে স্থবির যান চলাচল, চরম ভোগান্তিতে নগরবাসী

favicon
ভোরের আলো ডেস্ক:
এইচএসসি পরীক্ষার্থীদের শাহবাগ অবরোধে স্থবির যান চলাচল, চরম ভোগান্তিতে নগরবাসী

তিন দফা দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করলে বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় ওই এলাকার যান চলাচল কার্যত স্থবির হয়ে পড়ে। এতে আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রী, অফিসফেরত মানুষ ও রোগীবাহী যানবাহন চরম দুর্ভোগে পড়ে।


সন্ধ্যা ৬টার দিকে পরীক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ শুরু করেন। এর ফলে শাহবাগ মোড় দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।


এর আগে দুপুরে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি মোড়ে প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। পরে সেখান থেকে সচিবালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করেন। শিক্ষা ভবনের সামনে পৌঁছে সন্ধ্যা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন তারা।


তবে সচিবালয়ের প্রবেশমুখে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে শিক্ষার্থীরা ভেতরে প্রবেশ করতে পারেননি। এরপর তারা শাহবাগ মোড়ে গিয়ে নতুন করে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।


আন্দোলনরত এক শিক্ষার্থী জানান, পরদিন অনেকের পরীক্ষা থাকায় সেদিনের কর্মসূচি শেষ করা হলেও তাদের দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে।


অবরোধের কারণে শাহবাগ, মৎস্য ভবন, বাংলামোটর, কাকরাইল, টিএসসি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানবাহনে আটকে থেকে ভোগান্তিতে পড়েন যাত্রী ও রোগীরা। অনেকেই যানজট এড়িয়ে হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন।


ভোগান্তির শিকার শহীন নামের এক যাত্রী বলেন, সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে অবরোধের কারণে যানজট চলছে। এতে সাধারণ মানুষই সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন।


আরেক যাত্রী উর্মিলা বলেন, তীব্র গরমে শিশুকে নিয়ে দীর্ঘ সময় বাসে আটকে থাকতে হয়েছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে।


পরিস্থিতি নিয়ন্ত্রণে শাহবাগ এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।