শনিবার , ১৮ জুলাই ২০২৬
শনিবার , ১৮ জুলাই ২০২৬
হোমসারা দেশপাবনায় পুলিশের ওপর হামলার অভিযোগ, ওসিসহ আহত ২

পাবনায় পুলিশের ওপর হামলার অভিযোগ, ওসিসহ আহত ২

favicon
ভোরের আলো ডেস্ক:
পাবনায় পুলিশের ওপর হামলার অভিযোগ, ওসিসহ আহত ২

পাবনার সুজানগর উপজেলায় পুলিশের টহল দলের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক কনস্টেবল আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।


বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের দোপপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।


আহতরা হলেন সুজানগর থানার ওসি মোজাফফর হোসেন এবং কনস্টেবল সবুজ। বর্তমানে তারা স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনাল ম্যাচ চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে মথুরাপুর এলাকায় টহল জোরদার করা হয়। পুলিশের দাবি, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে নাশকতার উদ্দেশ্যে জড়ো হয়েছিল।


অভিযোগ অনুযায়ী, দুটি গাড়িতে করে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। এরপর কয়েকশ মানুষ দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয় এবং ওসিসহ দুই সদস্য আহত হন।


পুলিশের আরও দাবি, হামলার সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল ওহাব উপস্থিত ছিলেন।


তবে এ অভিযোগ অস্বীকার করেছেন আব্দুল ওহাব। তিনি বলেন, তিনি জেলার বাইরে অবস্থান করছেন এবং ঘটনাস্থলে ছিলেন না। তার দাবি, বিশ্বকাপের খেলা শেষে স্থানীয় কয়েকজন খিচুড়ি খাচ্ছিলেন। এ সময় পুলিশ কয়েকজনকে আটক করলে স্থানীয় বাসিন্দারা, এমনকি নারীরাও, বেরিয়ে এসে তাদের ছাড়িয়ে নেন। পরে পুলিশের গাড়িতে হামলার ঘটনা ঘটে বলে তিনি শুনেছেন।


পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, হামলায় ওসিসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা চিকিৎসাধীন রয়েছেন এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।