রবিবার , ১৯ জুলাই ২০২৬
রবিবার , ১৯ জুলাই ২০২৬
হোমবিশ্বকানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ট্রাম্পের ক্ষোভ, শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি

কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ট্রাম্পের ক্ষোভ, শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি

favicon
ভোরের আলো ডেস্ক:
কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ট্রাম্পের ক্ষোভ, শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি

কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ায় দেশটির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন, কানাডা বনভূমির যথাযথ রক্ষণাবেক্ষণে ব্যর্থ হওয়ায় প্রতিবছর যুক্তরাষ্ট্রকে দূষণের বড় ধরনের প্রভাব মোকাবিলা করতে হচ্ছে। এ কারণে কানাডার পণ্যের ওপর আরোপিত শুল্ক আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন তিনি।


শুক্রবার (১৭ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, কানাডার অবহেলার ফলেই যুক্তরাষ্ট্রের মানুষ দূষিত ও অস্বাস্থ্যকর বাতাসের মুখোমুখি হচ্ছে। তার দাবি, এ পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্রকে প্রতি বছর বিপুল অর্থ ব্যয় করতে হয়, যা কানাডার ওপর আরোপিত শুল্কের সঙ্গে যুক্ত করা উচিত।


সম্প্রতি কানাডার শত শত দাবানল থেকে উৎপন্ন ধোঁয়া যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চলের বড় অংশে ছড়িয়ে পড়ে। পরিস্থিতির অবনতি হওয়ায় স্থানীয় প্রশাসন অনেক এলাকাবাসীকে ঘরের ভেতরে থাকার পরামর্শ দেয়।


ট্রাম্প আরও জানান, বিষয়টি নিয়ে তিনি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে আলোচনা করবেন এবং দাবানল ও ধোঁয়ার প্রভাব কমাতে কানাডা কী পদক্ষেপ নিচ্ছে, সে বিষয়ে জানতে চাইবেন। তিনি এ পরিস্থিতিকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন।


তবে জলবায়ু বিশেষজ্ঞরা ট্রাম্পের বক্তব্যের সঙ্গে একমত নন। তাদের মতে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবং দীর্ঘস্থায়ী শুষ্ক আবহাওয়ার কারণেই উত্তর আমেরিকাজুড়ে দাবানলের ঝুঁকি বেড়েছে। ব্রিটিশ কলাম্বিয়ার থম্পসন রিভার্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইক ফ্ল্যানিগান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে গরম, শুষ্ক ও ঝোড়ো আবহাওয়া বাড়ছে, যা দাবানলের বিস্তারকে আরও ত্বরান্বিত করছে।


কানাডার অন্টারিও প্রদেশে চলতি বছরে প্রায় ৬ লাখ ৫০ হাজার একর বনভূমি আগুনে পুড়ে গেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এ পরিস্থিতিতে হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। উত্তর-পশ্চিম অন্টারিওর কলিন্স ফার্স্ট নেশন সম্প্রদায়ের পুরো বসতি আগুনে ধ্বংস হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।


দাবানল মোকাবিলায় অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড ১১টি নতুন বিমান কেনার ঘোষণা দিয়েছেন। একই সময়ে যুক্তরাষ্ট্রেও দাবানলের প্রকোপ বেড়েছে। দেশটিতে এ বছর এখন পর্যন্ত প্রায় ৩৭ লাখ একর ভূমি আগুনে পুড়ে গেছে, যা গত এক দশকের গড়ের তুলনায় অনেক বেশি।


সূত্র: রয়টার্স