সোমবার , ২০ জুলাই ২০২৬
সোমবার , ২০ জুলাই ২০২৬
হোমরাজনীতিইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি, তহবিলে উদ্বৃত্ত ৬ কোটি ৭ লাখ টাকা

ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি, তহবিলে উদ্বৃত্ত ৬ কোটি ৭ লাখ টাকা

favicon
ভোরের আলো ডেস্ক:
ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি, তহবিলে উদ্বৃত্ত ৬ কোটি ৭ লাখ টাকা

নির্বাচন কমিশনে (ইসি) নিরীক্ষিত বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (১৯ জুলাই) দুপুরে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল কমিশন সচিবালয়ে এ প্রতিবেদন জমা দেয়।


বিএনপির দেওয়া তথ্য অনুযায়ী, সর্বশেষ অর্থবছরে দলটির মোট আয় হয়েছে ২২ কোটি ২৬ লাখ টাকা। একই সময়ে ব্যয় হয়েছে ১৫ কোটি ১৯ লাখ টাকা। সব ব্যয় শেষে বর্তমানে দলীয় তহবিলে উদ্বৃত্ত রয়েছে ৬ কোটি ৭ লাখ টাকা।


প্রতিনিধি দলে আরও ছিলেন দলের কোষাধ্যক্ষ ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং সহদপ্তর সম্পাদক মনির হোসেন। তারা নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার হোসেনের কাছে দলের নিরীক্ষিত বার্ষিক আর্থিক প্রতিবেদন (অডিট রিপোর্ট) হস্তান্তর করেন।


সাধারণত রাজনৈতিক দলগুলোর আয়ের প্রধান উৎস হিসেবে সদস্যদের নিয়মিত চাঁদা, ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষীদের অনুদান এবং দলীয় মনোনয়ন ফরম বিক্রির অর্থ উল্লেখ করা হয়। অন্যদিকে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা, রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন, প্রচারসামগ্রী প্রকাশ, কেন্দ্রীয় ও স্থানীয় কার্যালয় পরিচালনা, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা এবং দুঃস্থ নেতাকর্মীদের সহায়তাসহ বিভিন্ন খাতে ব্যয়ের হিসাব দেখানো হয়।


গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, নিবন্ধিত প্রতিটি রাজনৈতিক দলকে প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের নিরীক্ষিত আয়-ব্যয়ের প্রতিবেদন নির্বাচন কমিশনে জমা দেওয়া বাধ্যতামূলক। টানা তিন বছর এ হিসাব জমা না দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।