সংস্কার ছাড়া চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ সম্ভব নয়: তেঁতুলিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারী
রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন ছাড়া চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস দমন এবং শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, যারা একসময় সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু এখন সেই অবস্থান থেকে সরে এসেছেন, তাদের জবাব দেওয়ার সুযোগ আসছে স্থানীয় সরকার নির্বাচনে।
রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সদরের তেঁতুলতলায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, নির্বাচনের পর কিছু রাজনৈতিক দল ও নেতারা সংস্কারের প্রতিশ্রুতি থেকে সরে গেছেন। তাঁর ভাষ্য, যারা আবু সাঈদের আত্মত্যাগের কথা উল্লেখ করে রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার করেছিলেন, এখন তারাই সংস্কারের প্রয়োজনীয়তা অস্বীকার করছেন। স্থানীয় সরকার নির্বাচনে জনগণ এ ধরনের অবস্থান পরিবর্তনের উপযুক্ত জবাব দেবে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, রাষ্ট্রীয় সংস্কার কার্যকর না হলে পাথরশ্রমিকসহ শ্রমজীবী মানুষের মজুরি বৃদ্ধি, টেন্ডারবাজি ও চাঁদাবাজি দমন, সন্ত্রাস নিয়ন্ত্রণ এবং ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শনের সংস্কৃতি বন্ধ করা সম্ভব হবে না।
পথসভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম এবং রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদসহ দলের অন্যান্য নেতারা।