ইসরায়েলি বসতির পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল বেলজিয়াম
অধিকৃত পশ্চিম তীর ও অন্যান্য ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতিতে উৎপাদিত পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বেলজিয়াম। গ্রীষ্মকালীন বিরতির আগে অনুষ্ঠিত দেশটির সরকারের শেষ মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়।
দেশটির সরকারি বার্তা সংস্থা বেলগা-এর বরাতে এ তথ্য জানিয়েছে দ্য ইসরায়েল টাইমস।
গাজা যুদ্ধের প্রেক্ষাপটে গত বছর থেকেই ইউরোপের কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া এবং ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া শুরু করে। এর ধারাবাহিকতায় ইসরায়েলি বসতিতে উৎপাদিত পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রতিশ্রুতি দিয়েছিল বেলজিয়াম সরকার। তবে রাজনৈতিক অচলাবস্থার কারণে সিদ্ধান্তটি বাস্তবায়ন বিলম্বিত হয়।
যদিও নতুন নিষেধাজ্ঞা কীভাবে কার্যকর হবে এবং কোন কোন পণ্য এর আওতায় আসবে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি বেলজিয়াম সরকার।
এর আগে স্পেন, নেদারল্যান্ডস, স্লোভেনিয়া ও আয়ারল্যান্ডও ইসরায়েলি বসতিতে উৎপাদিত পণ্যের বিরুদ্ধে পৃথকভাবে পদক্ষেপ নিয়েছে। তবে ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্য দেশের মধ্যে এ বিষয়ে মতপার্থক্য থাকায় এখনো জোটগতভাবে কোনো অভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়নি।
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। গত বছর ইইউর সঙ্গে ইসরায়েলের পণ্য বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় **৪৩ বিলিয়ন ইউরো**।