বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
হোমবিশ্বশিক্ষার্থী আন্দোলন নিয়ে মোদিকে পার্লামেন্টে তোপ অখিলেশ যাদবের

শিক্ষার্থী আন্দোলন নিয়ে মোদিকে পার্লামেন্টে তোপ অখিলেশ যাদবের

favicon
ভোরের আলো ডেস্ক:
শিক্ষার্থী আন্দোলন নিয়ে মোদিকে পার্লামেন্টে তোপ অখিলেশ যাদবের

দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের অভিযানের ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য দাবি করে পার্লামেন্টে তীব্র সমালোচনা করেছেন সমাজবাদী পার্টির (এসপি) প্রধান অখিলেশ যাদব। তিনি অভিযোগ করেন, শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতনের দায় সরকার এড়াতে পারে না।


বুধবার (২২ জুলাই) লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে অখিলেশ যাদব বলেন, শিক্ষার্থীদের দাবি উপেক্ষা করলে তারা রাজপথে নামতেই বাধ্য হবে। তিনি অভিযোগ করেন, বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ করা হয়েছে এবং নারী শিক্ষার্থীদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয়েছে।


তিনি বলেন, শিক্ষার্থীদের লাঠিপেটা করা হয়েছে, অনেককে আহত করা হয়েছে এবং ছাত্রীদের সঙ্গে অসদাচরণের অভিযোগও উঠেছে। এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে অখিলেশ প্রশ্ন তোলেন, শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণের ব্যাখ্যা সরকার কীভাবে দেবে। একই সঙ্গে তিনি এ ঘটনায় প্রধানমন্ত্রীকে সংসদে বক্তব্য দেওয়ার আহ্বান জানান।


মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে কংগ্রেসের অবস্থান কর্মসূচির প্রসঙ্গ টেনে অখিলেশ বলেন, প্রধানমন্ত্রী সংসদে এ বিষয়ে কথা বলতে রাজি না হওয়ায় বিরোধী দলকে তার বাসভবনের সামনে গিয়ে প্রতিবাদ জানাতে হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী যদি সংসদের বাইরে এ বিষয়ে কথা বলতে পারেন, তবে সংসদের ভেতরেও বক্তব্য দেওয়া উচিত।


প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অনুষ্ঠিত ওই বিক্ষোভে অংশ নেওয়ার সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং অখিলেশ যাদবসহ কয়েকজন বিরোধী নেতাকে পুলিশ আটক করে।


এদিকে বিরোধী দল সংসদে আলোচনার আগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষার্থীদের ওপর পুলিশি অভিযানের বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য দাবি করে আসছে।


অন্যদিকে সরকার জানিয়েছে, তারা নিট (এনইইটি) পরীক্ষার বিষয়টি নিয়ে সংসদে আলোচনায় প্রস্তুত। তবে বিরোধী দল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আলোচনা বিলম্বিত করছে বলে অভিযোগ করেছেন পার্লামেন্টারি অ্যাফেয়ার্সমন্ত্রী কিরেন রিজিজু।


শিক্ষার্থীদের ওপর পুলিশি অভিযান এবং বিরোধী নেতাদের আটকের প্রতিবাদে বুধবার কংগ্রেসসহ বিরোধী জোটের সংসদ সদস্যরা কালো পোশাক পরে সংসদে উপস্থিত হন।