বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
হোমবিশ্বনিট বাতিলের দাবিতে অনড় বিজয়ের দল টিভিকে

নিট বাতিলের দাবিতে অনড় বিজয়ের দল টিভিকে

favicon
ভোরের আলো ডেস্ক:
নিট বাতিলের দাবিতে অনড় বিজয়ের দল টিভিকে

ভারতে নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস এবং চলমান জেন-জি আন্দোলনের প্রেক্ষাপটে মেডিকেলে ভর্তি পরীক্ষাটি সম্পূর্ণ বাতিলের দাবি পুনর্ব্যক্ত করেছে অভিনেতা বিজয়ের নেতৃত্বাধীন রাজনৈতিক দল তামিলাগা ভেট্ট্রি কাজাগম (টিভিকে)। দলটি জানিয়েছে, তারা শুধু পরীক্ষায় অনিয়মের বিরোধিতা করছে না, বরং নিট ব্যবস্থারই অবসান চায়।


মঙ্গলবার (২১ জুলাই) দেওয়া এক বিবৃতিতে টিভিকে জানায়, জাতীয় পর্যায়ের মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের বিষয়ে তাদের অবস্থান ‘অটল ও আপসহীন’। একই সঙ্গে চিকিৎসা শিক্ষাসহ শিক্ষা–সংক্রান্ত সব বিষয়ে রাজ্য সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি।


বিবৃতিতে বলা হয়, শিক্ষা খাতকে সংবিধানের সমবর্তী তালিকা (কনকারেন্ট লিস্ট) থেকে সরিয়ে রাজ্য তালিকায় (স্টেট লিস্ট) অন্তর্ভুক্ত করা উচিত। আর তা সম্ভব না হলে অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে একটি বিশেষ সমবর্তী তালিকা গঠন করে শিক্ষা বিষয়ে রাজ্যগুলোর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিশ্চিত করতে হবে।


টিভিকের মতে, এ ধরনের পদক্ষেপ বাস্তবায়িত হলে চিকিৎসা শিক্ষাসহ সামগ্রিক শিক্ষা ব্যবস্থার ওপর রাজ্যগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।


বিবৃতিতে নাম উল্লেখ না করেই তামিলনাড়ুর ক্ষমতাসীন দল ডিএমকের সমালোচনা করা হয়। টিভিকে অভিযোগ করে, নির্বাচনী প্রতিশ্রুতির মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার রাজনীতিতে তারা বিশ্বাস করে না। উল্লেখ্য, ২০২১ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে ডিএমকে ক্ষমতায় এলে নিট বাতিলের প্রতিশ্রুতি দিয়েছিল।


এছাড়া অন্যের আন্দোলন বা উদ্যোগের কৃতিত্ব নেওয়ার রাজনৈতিক সংস্কৃতি থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে দলটি তাদের বিরুদ্ধে এমন প্রচারণা বন্ধের দাবি জানিয়েছে।


এদিকে নিটবিরোধী অবস্থানের কারণে আলোচনায় থাকা তামিল র‌্যাপশিল্পী ‘থেরুক্কুরাল’ আরিভুকে ঘিরেও তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশ তাকে আটক করার আগে তিনি চেন্নাইয়ের ফোর্ট সেন্ট জর্জে অবস্থিত তামিলনাড়ু সচিবালয়ের সামনে সংক্ষিপ্ত সময়ের জন্য নিটবিরোধী স্লোগান দেন।