শুক্রবার , ২৪ জুলাই ২০২৬
শুক্রবার , ২৪ জুলাই ২০২৬
হোমবিশ্বদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভে সংঘর্ষ, আহত ৫ পুলিশ সদস্য

দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভে সংঘর্ষ, আহত ৫ পুলিশ সদস্য

favicon
ভোরের আলো ডেস্ক:
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভে সংঘর্ষ, আহত ৫ পুলিশ সদস্য

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরের কাছে বুধবার সন্ধ্যায় বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দিল্লি পুলিশের দুইজন সহকারী পুলিশ কমিশনার (এসিপি), দুইজন পরিদর্শক (ইন্সপেক্টর) এবং একজন পুলিশ সদস্য আহত হয়েছেন।


আহতদের মধ্যে কানাট প্লেস এলাকার এসিপি বিবেক ভগতকে দ্রুত রাম মনোহর লোহিয়া (আরএমএল) হাসপাতালে ভর্তি করা হয়। আহত অন্য পুলিশ সদস্যদেরও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


দিল্লি পুলিশের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‌্যাপিড অ্যাকশন ফোর্স (র‌্যাফ) ও পুলিশ সদস্যরা সীমিত শক্তি প্রয়োগ করেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দুই থেকে তিনটি কাঁদানে গ্যাসের শেলও নিক্ষেপ করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার রাত সাড়ে ৮টার দিকে কানাট প্লেসের টলস্টয় মার্গ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। যন্তর মন্তরে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের একটি অংশ পরে টলস্টয় মার্গে চলে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।


পুলিশের অভিযোগ, বিক্ষোভকারীদের একটি অংশ নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ইট-পাথর ও কাচের বোতল নিক্ষেপ করে। এরপর আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়। তবে সংঘর্ষের ঘটনায় বিক্ষোভকারীদের মধ্যে কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।