মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি উদ্ধার, বোম্ব ডিসপোজাল ইউনিটের অভিযানে নিষ্ক্রিয়
রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করে নিরাপদে নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম।
শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় ঘটনাটি জানাজানি হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা ঘিরে ফেলে। পরে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে বিশেষ অভিযানের মাধ্যমে ডিভাইসটি উদ্ধার ও নিষ্ক্রিয় করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধার হওয়া আইইডিটি একটি ছাতার ভেতরে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল। এমনভাবে এটি তৈরি করা হয়েছিল যে, ছাতার বোতামে চাপ দিলেই বিস্ফোরণ ঘটতে পারত।
মেট্রোরেল স্টেশনে দায়িত্ব পালনকারী আনসার সদস্যদের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যা ৬টার দিকে শাপলা চত্বরের দিকে একটি রথযাত্রা যাচ্ছিল। এ সময় রথযাত্রায় অংশ নেওয়া একজন ব্যক্তি রাস্তার পাশে একটি ছাতা পড়ে থাকতে দেখে তাদের বিষয়টি জানান।
আনসার সদস্যরা ছাতাটি পরীক্ষা করতে গিয়ে ভেতরে লাল রঙের একটি আলো জ্বলতে দেখেন। সন্দেহজনক মনে হওয়ায় তারা ছাতাটি আর স্পর্শ না করে ঘটনাস্থলেই রেখে পুলিশকে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি নিশ্চিত করে নিরাপত্তার জন্য আশপাশের সড়কে চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়। পরবর্তীতে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে আইইডিটি নিরাপদে নিষ্ক্রিয় করে।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং আইইডিটি সেখানে কীভাবে রাখা হয়েছিল, তা জানতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।