ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া আন্দোলন বন্ধ হবে না: ককরোচ জনতা পার্টি
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ বা অপসারণ ছাড়া চলমান আন্দোলন প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) মুখপাত্র আশুতোষ রাঙ্কা।
শুক্রবার (২৪ জুলাই) দিল্লির যন্তর মন্তরে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে রাঙ্কা বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া আর কোনো বিকল্প নেই। তার ভাষায়, এটি শুধু যন্তর মন্তরের বিক্ষোভকারীদের দাবি নয়, বরং সারা দেশের মানুষের একটাই স্পষ্ট প্রত্যাশা— শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে অথবা সরকারকে তাকে বরখাস্ত করতে হবে।
তিনি দাবি করেন, শিক্ষামন্ত্রী হিসেবে ধর্মেন্দ্র প্রধান সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন এবং বর্তমান পরিস্থিতিতে তার দায়িত্বে বহাল থাকার কোনো যৌক্তিকতা নেই।
আশুতোষ রাঙ্কা আরও বলেন, সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে পদত্যাগ বা বরখাস্ত ছাড়া অন্য কোনো পদক্ষেপ আন্দোলনকারীদের কাছে গ্রহণযোগ্য হবে না। এ বিষয়ে কোনো আপসের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও দাবি করেন, আন্দোলন এখন আর শুধু যন্তর মন্তরের মধ্যে সীমাবদ্ধ নেই। দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং সরকারের উচিত সাধারণ মানুষের দাবির প্রতি গুরুত্ব দেওয়া।