রবিবার , ২৬ জুলাই ২০২৬
রবিবার , ২৬ জুলাই ২০২৬
হোমবিশ্বযৌন অসদাচরণের অভিযোগে আইসিসির প্রসিকিউটর করিম খান বরখাস্ত

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসির প্রসিকিউটর করিম খান বরখাস্ত

favicon
ভোরের আলো ডেস্ক:
যৌন অসদাচরণের অভিযোগে আইসিসির প্রসিকিউটর করিম খান বরখাস্ত

যৌন অসদাচরণের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান প্রসিকিউটর করিম খানকে পদ থেকে বরখাস্ত করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) আইসিসির দাফতরিক বার্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


আইসিসির বার্তায় বলা হয়, আদালতের সদস্য রাষ্ট্রগুলো ভোটের মাধ্যমে করিম খানকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে। এর আগে গত মাসে আদালতের পরিচালনা পর্ষদের নির্বাহী ব্যুরোর দায়িত্বে থাকা কূটনীতিকরা অভিযোগ করেন, ব্রিটিশ ব্যারিস্টার করিম খান আইসিসির এক জুনিয়র আইনজীবীর সঙ্গে অনৈতিক যৌন সম্পর্কে জড়িয়েছিলেন। ওই অভিযোগের ভিত্তিতে তাকে বরখাস্তের সুপারিশ করা হয়।


শুক্রবার অনুষ্ঠিত ভোটে আইসিসির ১২৫টি সদস্য রাষ্ট্রের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ সেই সুপারিশের পক্ষে মত দেয়।


আদালতের পরিচালনা পর্ষদের সভাপতি পাইভি কাউকোরান্তা জানান, ৮২টি সদস্য রাষ্ট্রের সমর্থনে পরিষদ সিদ্ধান্তে পৌঁছায় যে করিম খান গুরুতর অসদাচরণ এবং দায়িত্ব পালনে গুরুতর লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিলেন। এরপরই তাকে প্রধান প্রসিকিউটরের পদ থেকে অপসারণ করা হয়।


তবে করিম খান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। ভোটের পর তার আইনজীবী তাইয়াব আলী জানান, এই সিদ্ধান্তের বৈধতা ও ন্যায্যতা নিয়ে সব ধরনের আইনি প্রক্রিয়ার মাধ্যমে চ্যালেঞ্জ জানানো হবে।


এদিকে করিম খানের অপসারণের পরপরই আইসিসির নতুন প্রসিকিউটর নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে।


ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ফৌজদারি আইন বিভাগের অধ্যাপক লায়লা সাদাত বলেন, আদালতের সদস্য রাষ্ট্রগুলো একজন বিতর্কিত ও সংকটাপন্ন কর্মকর্তাকে অপসারণের মাধ্যমে আদালতের প্রতি আস্থা বজায় রাখা এবং বিচারাধীন গুরুত্বপূর্ণ মামলাগুলোর কার্যক্রম নির্বিঘ্নে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই দ্রুত পদক্ষেপ নিয়েছে।