আন্তর্জাতিক বাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী, বেড়েছে রুপার মূল্যও
আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সোনার দাম। তেলের মূল্যহ্রাস, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার সংক্রান্ত প্রত্যাশা এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের অর্থনৈতিক প্রভাব নিয়ে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের মধ্যে মূল্যবান ধাতুটির দাম সামান্য বেড়েছে।
শনিবার (২৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টা ১০ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ০.১ শতাংশ বেড়ে ৪ হাজার ৫২ দশমিক ৭৮ মার্কিন ডলারে পৌঁছেছে।
অন্যদিকে, আগস্ট ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ০.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ৭০ দশমিক ৮০ মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সকে মূল্যবান ধাতু ব্যবসায়ী তাই ওং বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির আরও অবনতি হলে বাজারে অস্থিরতা বাড়তে পারে। তবে তার মতে, সোনার দাম আবারও ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আগামী সপ্তাহে ফেড সুদের হার অপরিবর্তিত রাখতে পারে—এমন প্রত্যাশা বাজারকে ইতিবাচকভাবে প্রভাবিত করছে।
বাজার বিশ্লেষকদের মতে, গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সোনার দাম প্রায় ২৩ শতাংশ কমেছে। যুদ্ধজনিত মুদ্রাস্ফীতির আশঙ্কায় দীর্ঘ সময় সুদের হার উচ্চ পর্যায়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও সোনা সাধারণত মুদ্রাস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হয়, উচ্চ সুদের হার সুদবিহীন এই সম্পদের চাহিদার ওপর চাপ সৃষ্টি করে।
এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও মিশ্র প্রবণতা দেখা গেছে। রুপার দাম ০.৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৮ দশমিক ১১ মার্কিন ডলারে পৌঁছেছে। তবে প্ল্যাটিনামের দাম ০.৮ শতাংশ কমে ১ হাজার ৫৮৭ দশমিক ১৭ মার্কিন ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১.৪ শতাংশ কমে ১ হাজার ২৩৯ দশমিক ২০ মার্কিন ডলারে নেমে এসেছে।