রবিবার , ২৬ জুলাই ২০২৬
রবিবার , ২৬ জুলাই ২০২৬
হোমবিশ্বধর্মেন্দ্র প্রধানকে বরখাস্তের দাবি রাহুল গান্ধীর, ‘মোদি অতীত, শিক্ষার্থীরাই ভারতের ভবিষ্যৎ’

ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্তের দাবি রাহুল গান্ধীর, ‘মোদি অতীত, শিক্ষার্থীরাই ভারতের ভবিষ্যৎ’

favicon
ভোরের আলো ডেস্ক:
ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্তের দাবি রাহুল গান্ধীর, ‘মোদি অতীত, শিক্ষার্থীরাই ভারতের ভবিষ্যৎ’

শিক্ষার্থীদের উত্থাপিত তিনটি দাবি কোনোভাবেই আপসযোগ্য নয় এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে বরখাস্ত করতে হবে বলে মন্তব্য করেছেন ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।


শনিবার (২৫ জুলাই) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।


চলমান নিট আন্দোলনের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে রাহুল গান্ধী বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরাই ভারতের ভবিষ্যৎ, আর নরেন্দ্র মোদি অতীতের প্রতিনিধিত্ব করছেন। তার ভাষায়, ভবিষ্যৎকে কখনো অতীত পরাজিত করতে পারে না।


তিনি অভিযোগ করেন, আন্দোলন দমাতে সরকারের পুরো প্রশাসনিক কাঠামো ব্যবহার করা হচ্ছে। তবে এসব চাপ ও হুমকিতে শিক্ষার্থীদের দমে না যাওয়ার আহ্বান জানান তিনি।


রাহুল গান্ধী বলেন, সরকার যত শক্তিই প্রয়োগ করুক না কেন, আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিকে দমিয়ে রাখা সম্ভব হবে না। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ তারা ন্যায্য দাবির পক্ষে আন্দোলন করছেন।


তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আন্দোলন থামাতে হুমকি বা চাপ প্রয়োগ করা হলেও তারা পিছু হটবেন না। আন্দোলনকারীদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।


এ ছাড়া রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্দোলনে আহত শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি পুনরায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অপসারণের দাবি জানান এবং বলেন, শিক্ষার্থীদের দাবির সুষ্ঠু সমাধানের জন্য এ পদক্ষেপ জরুরি।