‘এটি শুধু আন্দোলন নয়, সরকারের জন্য সতর্কবার্তা’: রাহুল গান্ধী
নীট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে কেন্দ্রীয় সরকারের প্রতি কঠোর বার্তা দিয়েছেন ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, এটি কেবল একটি শিক্ষার্থী আন্দোলন নয়; বরং সরকারকে দেওয়া শিক্ষার্থী ও বিরোধী দলের একটি স্পষ্ট সতর্কবার্তা।
ভারতীয় সংবাদমাধ্যম *দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস*-এর এক প্রতিবেদনে প্রকাশিত বক্তব্যে রাহুল গান্ধী বলেন, দেশ বর্তমানে একটি গুরুতর অর্থনৈতিক সংকটের মুখোমুখি। তার ভাষ্য, নীট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাটি বৃহত্তর একটি সমস্যারই বহিঃপ্রকাশ।
তিনি বলেন, ‘আমরা একটি গভীর অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। সরকারকে বুঝতে হবে, এখানে যা ঘটেছে, সেটি একটি বড় সমস্যার কেবল একটি ধাপ।’
কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে রাহুল গান্ধী আরও বলেন, ‘আপনারা যেভাবে ভারত পরিচালনা করছেন, সেভাবে আর চালানো যাবে না। এটি শিক্ষার্থী এবং বিরোধী দলের পক্ষ থেকে সরকারের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা।’
নীট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে ভারতের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। আন্দোলনকারীরা পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং জবাবদিহি প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছেন।