বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্স পেল বিএমএটিএস, এক প্ল্যাটফর্মে আসছে ট্রান্সফরমার শিল্প
দেশের ট্রান্সফরমার ও সুইচগিয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জাতীয় সংগঠন হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে বাংলাদেশ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব ট্রান্সফরমার্স অ্যান্ড সুইচগিয়ার (বিএমএটিএস)। এর ফলে প্রথমবারের মতো এ খাতের উদ্যোক্তারা একটি স্বীকৃত শিল্প সংগঠনের অধীনে কাজ করার সুযোগ পাবেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা গত ২১ জুলাই বিএমএটিএসকে বাণিজ্য সংগঠন হিসেবে লাইসেন্স (নং-০৯/২০২৬) প্রদান করে। এই অনুমোদনের মাধ্যমে ট্রান্সফরমার, সুইচগিয়ার এবং সংশ্লিষ্ট বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য একটি অভিন্ন প্ল্যাটফর্ম তৈরি হলো।
খাতসংশ্লিষ্টরা জানান, বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার সম্প্রসারণ, শিল্পায়ন এবং নগরায়ণের ফলে দেশে ট্রান্সফরমার ও সুইচগিয়ারের চাহিদা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। তবে কাঁচামাল সংগ্রহ, প্রযুক্তি উন্নয়ন, মান নিয়ন্ত্রণ এবং সরকারি ক্রয়নীতির মতো বিষয়ে উদ্যোক্তারা দীর্ঘদিন ধরে সমন্বিত প্রতিনিধিত্বের অভাব অনুভব করছিলেন।
তাদের মতে, নতুন সংগঠনটি সরকারের কাছে শিল্পের বিভিন্ন দাবি ও সুপারিশ তুলে ধরা, নীতিগত সহায়তা নিশ্চিত করা এবং স্থানীয় উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি আন্তর্জাতিক মান নিশ্চিত করা, গবেষণা ও উন্নয়ন কার্যক্রম জোরদার এবং দক্ষ মানবসম্পদ তৈরিতেও সংগঠনটি অবদান রাখবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদনে কয়েকটি শর্তও যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৬০ দিনের মধ্যে যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে নিবন্ধন সম্পন্ন করা, স্থায়ী কার্যালয় স্থাপন, নির্ধারিত সময়ের মধ্যে সাধারণ সভা আয়োজন এবং ছয় মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন।
শিল্প বিশ্লেষকদের মতে, শক্তিশালী একটি শিল্প সংগঠন গড়ে ওঠার ফলে নীতিনির্ধারণ প্রক্রিয়ায় বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়বে। একই সঙ্গে আমদানিনির্ভরতা কমিয়ে স্থানীয় বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদন শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।
উদ্যোক্তাদের ভাষ্য, বিএমএটিএসের আনুষ্ঠানিক যাত্রা দেশের ট্রান্সফরমার ও সুইচগিয়ার শিল্পকে আরও সংগঠিত, আধুনিক এবং প্রতিযোগিতামূলক করে তোলার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।