সোমবার , ২৭ জুলাই ২০২৬
সোমবার , ২৭ জুলাই ২০২৬
হোমবিশ্বইরানি জাহাজে হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি তেহরানের

ইরানি জাহাজে হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি তেহরানের

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরানি জাহাজে হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি তেহরানের

কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে কথিত ইউক্রেনীয় হামলার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলি নিকজাদ বলেছেন, এ ধরনের হামলাকে কোনোভাবেই উপেক্ষা করা হবে না এবং প্রয়োজনীয় জবাব দেওয়া হবে।


ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর বরাতে জানা গেছে, আলি নিকজাদ ইউক্রেনের কথিত হামলাকে ‘বেপরোয়া’ আখ্যা দিয়ে বলেন, ইরানের সার্বভৌমত্ব রক্ষায় আন্তর্জাতিক আইনের আওতায় থাকা বৈধ অধিকার প্রয়োগ অব্যাহত থাকবে।


তিনি আরও বলেন, ইরানের ভূখণ্ড বা স্বার্থে যেখান থেকেই হামলা চালানো হোক না কেন, তেহরান সেই স্থানকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে।


তবে ইরানের এই অভিযোগের বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


এর আগে ইউক্রেন দাবি করেছিল, কাস্পিয়ান সাগরে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ এবং ইরান-সংশ্লিষ্ট সামরিক পণ্য পরিবহনে ব্যবহৃত কয়েকটি জাহাজে সফলভাবে হামলা চালানো হয়েছে।


শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, দীর্ঘপাল্লার হামলার মাধ্যমে কাস্পিয়ান সাগরে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ইউক্রেন। তিনি দাবি করেন, অভিযানে ইরান-সংশ্লিষ্ট সামরিক পণ্য পরিবহনে ব্যবহৃত জাহাজও লক্ষ্যবস্তু ছিল।


তবে হামলার সময়, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা কোন কোন জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে—এ বিষয়ে ইউক্রেন বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। একইভাবে ইউক্রেনের দাবির বিষয়ে রাশিয়ার পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।


উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়া ও ইরানের সামরিক সহযোগিতা নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগ রয়েছে। কিয়েভ ও তার মিত্ররা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানে তৈরি ড্রোন ব্যবহার করছে।:::