২০২৬-২৭ অর্থবছরে ৬৩.৪ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্য নির্ধারণ
আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য পণ্য ও সেবা মিলিয়ে ৬৩ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্য রপ্তানি থেকে ৫৫ দশমিক ২ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮ দশমিক ২ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) সচিবালয়ে আগামী অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ–সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা মিলিয়ে রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল ৬৩ দশমিক ৫ বিলিয়ন ডলার। তবে ওই সময়ে রপ্তানি আয় হয়েছে প্রায় ৪৭ বিলিয়ন ডলার। লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি হওয়ায় নতুন অর্থবছরে নির্ধারিত লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, চলতি বছর উত্তর কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)সহ চার থেকে পাঁচটি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে। এছাড়া বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি বাজার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গেও মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে চলছে।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বাড়ানো, নতুন বাজার সৃষ্টি এবং বাণিজ্য সম্প্রসারণে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে।