সিএএ প্রসঙ্গে শুভেন্দু: বাংলাদেশি হিন্দু-শিখরা শরণার্থী, অনুপ্রবেশকারী নন
ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
বলেছেন, বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষকে অনুপ্রবেশকারী নয়, বরং শরণার্থী হিসেবে বিবেচনা করা উচিত।
রাজ্যে ডিজিটাল জনগণনা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের বিধান অনুযায়ী ধর্মীয় নিপীড়ন বা জীবন রক্ষার প্রয়োজনে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ভারতে আশ্রয় নেওয়া এসব সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে কোনো আইনি মামলা করা যাবে না এবং পুলিশও তাদের হয়রানি করতে পারবে না।
একই সঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়ে কঠোর অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, আইন অনুযায়ী যাচাই-বাছাই শেষে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম অব্যাহত থাকবে।
শুভেন্দু আরও বলেন, অবৈধভাবে ভারতে অবস্থানকারীদের ভরণপোষণ বা দায়িত্ব নেওয়া ভারতের কোনো নৈতিক বা সাংবিধানিক বাধ্যবাধকতা নয়।
তিনি বক্তব্যে শরণার্থী ও অবৈধ অনুপ্রবেশকারীর মধ্যে আইনি পার্থক্য তুলে ধরে বলেন, কেন্দ্রীয় সরকারের নীতিমালা অনুযায়ী এই দুই শ্রেণিকে আলাদাভাবে বিবেচনা করা হচ্ছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।