সোমবার , ০৩ আগস্ট ২০২৬
সোমবার , ০৩ আগস্ট ২০২৬
হোমবিশ্বআইডাহোর রেস্টুরেন্টে বন্দুক হামলা, নিহত ৩

আইডাহোর রেস্টুরেন্টে বন্দুক হামলা, নিহত ৩

favicon
ভোরের আলো ডেস্ক:
আইডাহোর রেস্টুরেন্টে বন্দুক হামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরে একটি রেস্টুরেন্টে বন্দুক হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত দুইজন আহত হয়েছেন। আহতদের গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১ আগস্ট) স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে টুইন ফলসের একটি ইন-এন-আউট বার্গার রেস্টুরেন্টে এ হামলার ঘটনা ঘটে।


পুলিশ জানায়, এক ব্যক্তি অস্ত্র নিয়ে রেস্টুরেন্টের ডাইনিং এলাকায় প্রবেশ করে গুলি চালায়। পরে সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়। তবে নিহত তিনজনের সংখ্যার মধ্যে হামলাকারী অন্তর্ভুক্ত রয়েছেন কি না, সে বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে স্পষ্ট করেনি। এছাড়া হামলাকারীর মৃত্যুর পরিস্থিতিও জানানো হয়নি।


ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।


এদিকে নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল-সংলগ্ন সড়ক এবং কাছের একটি সেতু সাময়িকভাবে বন্ধ করে দেয় টুইন ফলস পুলিশ বিভাগ।


এই ঘটনায় আইডাহোর সিনেটর মাইক ক্র্যাপোসহ রাজ্যের বিভিন্ন জনপ্রতিনিধি হতাহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং জরুরি সেবাকর্মীদের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন।


প্রায় ৪৭ হাজার ৪০০ জনসংখ্যার টুইন ফলস শহরটি আইডাহোর ম্যাজিক ভ্যালি অঞ্চলে অবস্থিত। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে রেস্টুরেন্ট, উৎসব, শোভাযাত্রা, উপাসনালয় এবং অন্যান্য জনসমাগমস্থলে বন্দুক হামলার ধারাবাহিক ঘটনাগুলোর মধ্যে এটিও নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।