মঙ্গলবার , ০৪ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ০৪ আগস্ট ২০২৬
হোমবিশ্বইরানে হামলার সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প, দ্রুত চুক্তি সম্পন্নের আহ্বান

ইরানে হামলার সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প, দ্রুত চুক্তি সম্পন্নের আহ্বান

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরানে হামলার সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প, দ্রুত চুক্তি সম্পন্নের আহ্বান

ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলার সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, দ্রুত একটি সমঝোতা চুক্তি সম্পন্নের শর্তে এই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।


রোববার (২ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ ঘোষণা দেন।


পোস্টে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ের অন্যতম বৃহৎ সামরিক অভিযান চালানোর প্রস্তুতি সম্পন্ন করেছিল। তবে ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে সম্ভাব্য একটি চুক্তির প্রাথমিক কাঠামো নিয়ে সমঝোতা হওয়ায় তিনি হামলার পরিকল্পনা স্থগিত করেছেন।


ট্রাম্পের দাবি, প্রস্তাবিত চুক্তির আওতায় হরমুজ প্রণালিতে অবাধ নৌচলাচল নিশ্চিত করা হবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে উদ্ভূত হুমকির অবসান ঘটানো হবে।


তিনি বলেন, বিশ্বের স্থিতিশীলতা এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের স্বার্থে হামলার সিদ্ধান্ত বাতিল করতে সম্মত হয়েছেন। তবে এ জন্য দ্রুত চুক্তি চূড়ান্ত করতে হবে।


মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, এ সিদ্ধান্তের সঙ্গে ইসরায়েলও একমত। তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি দ্রুত চুক্তি সম্পন্ন করার আহ্বান জানান।


তবে ট্রাম্পের এই দাবির বিষয়ে ইরান কিংবা ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


এর আগে বিভিন্ন মার্কিন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসন চলতি সপ্তাহে ইরানের বিরুদ্ধে নতুন করে ব্যাপক সামরিক হামলার পরিকল্পনা করছিল। এছাড়া গত শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন।