সোমবার , ০৩ আগস্ট ২০২৬
সোমবার , ০৩ আগস্ট ২০২৬
হোমবিশ্বমধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে সংলাপের আহ্বান সৌদি যুবরাজের

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে সংলাপের আহ্বান সৌদি যুবরাজের

favicon
ভোরের আলো ডেস্ক:
মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে সংলাপের আহ্বান সৌদি যুবরাজের

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে সংলাপ ও কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে তিনি এ আহ্বান জানান।


কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে, সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে বলা হয়, যুবরাজ মোহাম্মদ বিন সালমান আঞ্চলিক উত্তেজনা কমাতে সংলাপকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। একই সঙ্গে কূটনৈতিক সমাধানের পথ সুগম করতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার গুরুত্বও উল্লেখ করেন।


এর আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, শনিবার ট্রাম্পের সঙ্গে ফোনালাপে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন সৌদি যুবরাজ। বিষয়টি সম্পর্কে অবগত কয়েকটি সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করা হয়।


ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, তখনই সৌদি আরব পরিস্থিতি শান্ত রাখতে সংলাপভিত্তিক সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে।


এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার পরিকল্পনা স্থগিত করার ঘোষণা দেন। তার দাবি, আলোচনায় অগ্রগতি হওয়ায় সাময়িকভাবে সামরিক পদক্ষেপ থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র।


ট্রাম্প আরও দাবি করেন, ইরান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে হামলা না চালানোর অনুরোধ জানিয়েছে এবং একটি সম্ভাব্য চুক্তির প্রাথমিক কাঠামো তৈরি হয়েছে। তবে এ বিষয়ে তেহরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সমর্থন পাওয়া যায়নি।


সৌদি আরবের মতে, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখতে উত্তেজনা প্রশমন এবং আলোচনার মাধ্যমে সমাধানই সবচেয়ে কার্যকর পথ।