সোমবার , ০৩ আগস্ট ২০২৬
সোমবার , ০৩ আগস্ট ২০২৬
হোমবিশ্ব‘উন্নত ভারত গড়তে তরুণদের মাদকমুক্ত হতে হবে’ : মোদি

‘উন্নত ভারত গড়তে তরুণদের মাদকমুক্ত হতে হবে’ : মোদি

favicon
ভোরের আলো ডেস্ক:
‘উন্নত ভারত গড়তে তরুণদের মাদকমুক্ত হতে হবে’ : মোদি

তরুণ সমাজকে মাদকমুক্ত রেখে একটি সুস্থ ও উন্নত দেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি ‘নেশা মুক্ত যুব ফর বিকশিত ভারত সঙ্কল্প অভিযান’-এর উদ্বোধন করেছেন।


রোববার (২ আগস্ট) ভার্চুয়ালি আয়োজিত অনুষ্ঠানে দেশব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদি।


উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, মাদকাসক্তি শুধু একজন ব্যক্তি বা একটি পরিবারের ক্ষতি করে না; এটি পুরো সমাজ ও রাষ্ট্রের জন্যও হুমকি। তাই ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্য অর্জনে তরুণদের সব ধরনের মাদক ও নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকতে হবে।


সরকারের এ উদ্যোগের মূল উদ্দেশ্য হলো তরুণদের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তাদের ইতিবাচক সামাজিক পরিবর্তনের দূত হিসেবে গড়ে তোলা। গত বছর কাশীতে পরীক্ষামূলকভাবে শুরু হওয়া এই কর্মসূচি এবার দেশব্যাপী সম্প্রসারণ করা হয়েছে।


এই অভিযানের অংশ হিসেবে আগামী ১০০ সপ্তাহ ধরে প্রতি রোববার দেশজুড়ে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে। কর্মসূচির আওতায় খেলাধুলা, ম্যারাথন, ওয়াকাথন, ধ্যান, সাংস্কৃতিক অনুষ্ঠান, সচেতনতামূলক র‌্যালি, পথনাটক এবং শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণে নানা আয়োজন করা হবে।


উদ্বোধনের দিন দেশের ১০ হাজারেরও বেশি স্থানে তরুণ-তরুণী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা মাদকবিরোধী শপথ গ্রহণ করেন।


অনুষ্ঠানে কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন এবং আধ্যাত্মিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ভার্চুয়ালি অংশ নেন।


ভারত সরকার আশা প্রকাশ করেছে, গণসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে তরুণদের মাদকমুক্ত রেখে একটি সুস্থ, শক্তিশালী ও উন্নত জাতি গঠন সম্ভব হবে।