সোমবার , ০৩ আগস্ট ২০২৬
সোমবার , ০৩ আগস্ট ২০২৬
হোমবিশ্ব১৪ দিনের বিনামূল্যের পর্যটন ভিসা চালু করল ওমান

১৪ দিনের বিনামূল্যের পর্যটন ভিসা চালু করল ওমান

favicon
ভোরের আলো ডেস্ক:
১৪ দিনের বিনামূল্যের পর্যটন ভিসা চালু করল ওমান

পর্যটন খাতকে উৎসাহিত করতে এবং স্বল্পমেয়াদি ভ্রমণ সহজ করতে নির্বাচিত কয়েকটি দেশের নাগরিকদের জন্য ১৪ দিনের বিনামূল্যের পর্যটন ভিসা চালু করেছে ওমান।


রোববার (২ আগস্ট) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বিদেশিদের আবাসন আইনসংক্রান্ত নির্বাহী বিধিমালায় সংশোধন এনে এই নতুন ভিসা সুবিধা চালু করা হয়েছে।


রয়্যাল ওমান পুলিশ সিদ্ধান্ত নম্বর ১০৯/২০২৬-এর মাধ্যমে এ পরিবর্তন কার্যকর করে। দেশটির পুলিশ ও কাস্টমসের মহাপরিদর্শক লেফটেন্যান্ট জেনারেল হাসান বিন মোহসিন আল শারাইকি এ সিদ্ধান্ত জারি করেন। সরকারি গেজেটে প্রকাশের পরদিন থেকেই নতুন বিধান কার্যকর হয়েছে।


নতুন নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে নির্বাচিত দেশের নাগরিকদের ১৪ দিনের পর্যটন ভিসা বিনা মূল্যে প্রদান করবে।


এ ছাড়া, এই ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে আবেদনকারীরা চাইলে এটিকে নির্বাহী বিধিমালায় উল্লেখিত অন্য যেকোনো পর্যটন ভিসার শ্রেণিতে রূপান্তর করতে পারবেন। তবে সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ভিসার জন্য নির্ধারিত যোগ্যতা, শর্ত এবং ফি প্রযোজ্য হবে।


সংশোধিত বিধিমালার ১০ নম্বর ধারায় নতুন এই ভিসা শ্রেণি যুক্ত করা হয়েছে। একই সঙ্গে ২৯ নম্বর ধারার সরকারি ভিসা সূচিতেও এটি অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে এ ভিসার ফি শূন্য ওমানি রিয়াল নির্ধারণ করা হয়েছে।


তবে কোন কোন দেশের নাগরিকরা এই সুবিধা পাবেন, সে বিষয়ে এখনো কোনো তালিকা প্রকাশ করেনি ওমানের কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরবর্তীতে যোগ্য দেশগুলোর তালিকা প্রকাশ করবে বলে জানানো হয়েছে।