পাহাড়ি অঞ্চলে মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবায় সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
দুর্গম পাহাড়ি এলাকায় গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মাতৃস্বাস্থ্য, নবজাতকের পরিচর্যা এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (২ আগস্ট) সকালে খাগড়াছড়ি সদর সেনানিবাসে ২৪ পদাতিক ডিভিশন ও ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের যৌথ উদ্যোগে দুই সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়।
প্রশিক্ষণে খাগড়াছড়ি সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২২ জন নারী অংশ নেন। তাদের গর্ভাবস্থায় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, নিরাপদ মাতৃত্ব, নবজাতক ও শিশুর পরিচর্যা, প্রাথমিক চিকিৎসা এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ে ব্যবহারিক ও তাত্ত্বিক প্রশিক্ষণ দেওয়া হয়।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দুর্গম পাহাড়ি জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে পর্যায়ক্রমে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন সব জোন এলাকায় এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।