শনিবার , ০২ মে ২০২৬
শনিবার , ০২ মে ২০২৬
হোমবিনোদনঅহনা-শামীমের সম্পর্ক ভাঙনের পর পাল্টাপাল্টি অভিযোগে বিতর্ক

অহনা-শামীমের সম্পর্ক ভাঙনের পর পাল্টাপাল্টি অভিযোগে বিতর্ক

favicon
ভোরের আলো ডেস্ক:
অহনা-শামীমের সম্পর্ক ভাঙনের পর পাল্টাপাল্টি অভিযোগে বিতর্ক

ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকার ও অভিনেত্রী অহনা রহমানের ৭ মাসের সম্পর্ক ভেঙে যাওয়ার পর বিষয়টি নিয়ে তৈরি হয়েছে বেশ বিতর্ক। বিচ্ছেদের পর বিভিন্ন সাক্ষাৎকারে অহনার কিছু মন্তব্য ‘প্রাক্তন’কে নিয়ে ইঙ্গিতপূর্ণ ও নেতিবাচক হওয়ায় অনেক নেটিজেন মনে করছেন, তার তীরের নিশানা শামীমের দিকেই। এতে বিব্রতকর অবস্থায় পড়েন শামীম।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে শামীম পরিষ্কারভাবে জানান, অহনা ‘প্রাক্তন’ বলতে যাকে বুঝিয়েছেন, তিনি নিজে নন। বরং তার দাবি, অহনার প্রাক্তন প্রেমিক ছিলেন ‘বরবাদ’ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়, যার সঙ্গে অভিনেত্রীর প্রায় পাঁচ বছরের সম্পর্ক ছিল। শামীম বলেন, “আমার সঙ্গে অহনার সম্পর্ক ছিল মাত্র সাত মাস, অথচ অহনাই ডাবল টাইমিং করছিল।”

তিনি আরও জানান, “সম্প্রতি অহনা এক সাক্ষাৎকারে তার প্রাক্তনকে ‘অমানুষ’ ও ‘জানোয়ার’ বলে মন্তব্য করেছেন। এরপর অনেকেই সেই ভিডিওতে আমাকে মেনশন করছেন। এমনকি যিনি আমার বিরুদ্ধে ধর্ষণের হুমকির অভিযোগ তুলেছেন, তিনিও ভিডিওটি শেয়ার করে আমাকে ইঙ্গিত করেছেন।”

শামীমের এই বক্তব্যের পর অহনা ফেসবুকে পাল্টা প্রতিক্রিয়ায় লেখেন, “ডাবল টাইমিং? আপনি যা বলেছেন, তা কি সত্যি? নিজের দোষ ঢাকতেই কি এখন আমাকে অপবাদ দিচ্ছেন?” একই সঙ্গে তিনি সংবাদকর্মীদের প্রতি অনুরোধ জানান, তার নাম ব্যবহার করে যেন অন্য কারও বিষয়কে হেডলাইনে না তোলা হয়।

এর আগে অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া শামীম হাসান সরকারের বিরুদ্ধে ধর্ষণের হুমকি, শারীরিক নির্যাতন এবং অশালীন আচরণের অভিযোগ আনেন। তিনি জানান, শুটিং সেটে শামীম তাকে গালিগালাজ করেছেন, গায়ে হাত তুলেছেন এবং মাদকের প্রভাবে ভয়ানক আচরণ করেছেন। এমনকি প্রকাশ্যেই ধর্ষণের হুমকি দিয়েছেন বলেও দাবি তার।

এই অভিযোগের জবাবে শামীম এক সংবাদ সম্মেলনে নিজেকে নির্দোষ দাবি করেন এবং পুরো ঘটনা প্রমাণের জন্য শুটিংসেটের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার অনুরোধ জানান।

চলমান বিতর্কে দুই তারকার ব্যক্তিগত সম্পর্ক এখন হয়ে উঠেছে জনসমক্ষে আলোচনার কেন্দ্রবিন্দু।