মঙ্গলবার , ০৪ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ০৪ আগস্ট ২০২৬
হোমসারা দেশপ্রথম স্ত্রীকে বিদেশে নেওয়ায় ক্ষোভ, স্বামীর বাড়ি ভাঙচুরের অভিযোগ দ্বিতীয় স্ত্রীর পরিবারের বিরুদ্ধে

প্রথম স্ত্রীকে বিদেশে নেওয়ায় ক্ষোভ, স্বামীর বাড়ি ভাঙচুরের অভিযোগ দ্বিতীয় স্ত্রীর পরিবারের বিরুদ্ধে

favicon
ভোরের আলো ডেস্ক:
প্রথম স্ত্রীকে বিদেশে নেওয়ায় ক্ষোভ, স্বামীর বাড়ি ভাঙচুরের অভিযোগ দ্বিতীয় স্ত্রীর পরিবারের বিরুদ্ধে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে মালয়েশিয়ায় যাওয়াকে কেন্দ্র করে এক প্রবাসীর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে দ্বিতীয় স্ত্রীর পরিবারের বিরুদ্ধে। অভিযোগ, এক্সকাভেটর (ভেকু) ব্যবহার করে বসতবাড়ির বিভিন্ন অংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি রবিবার (২ আগস্ট) সকালে উপজেলার নাগদাহ ইউনিয়নের খেজুরতলা গ্রামে ঘটে।


ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।


স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, খেজুরতলা গ্রামের বাসিন্দা ও মালয়েশিয়া প্রবাসী রফিউদ্দিন প্রথমে একই গ্রামের ছনিয়াকে বিয়ে করেন। পরবর্তীতে তাদের বিচ্ছেদ হলে তিনি রিমাকে বিয়ে করেন। পরে তিনি আবার প্রথম স্ত্রী ছনিয়াকে বিয়ে করে তাকে সঙ্গে নিয়ে মালয়েশিয়ায় চলে যান। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।


অভিযোগ রয়েছে, সেই বিরোধের জের ধরে রবিবার সকালে দ্বিতীয় স্ত্রীর পরিবারের সদস্যরা একটি এক্সকাভেটর এনে রফিউদ্দিনের বাড়ির দেয়াল, কক্ষসহ বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলেন। এ সময় ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে এবং পরে ভাঙচুরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।


বিদেশে অবস্থানরত রফিউদ্দিন দাবি করেছেন, পরিকল্পিতভাবে তার বাড়ি ভাঙচুর করে কয়েক লাখ টাকার ক্ষতি করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


অভিযুক্ত মুকুল হোসেনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।


এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।