ফিলিস্তিনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করল চীন
চীন আবারও ফিলিস্তিনের প্রতি তাদের অটল ও দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে। দেশটির পক্ষ থেকে মানবিক সহায়তা অব্যাহত রাখা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
সোমবার (৩ আগস্ট) ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রামাল্লায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিনে নিযুক্ত চীনের প্রধান প্রতিনিধি **সান ঝেন** বলেন, ফিলিস্তিনি জনগণের জন্য মানবিক ও উন্নয়ন সহায়তা অব্যাহত রাখতে বেইজিং প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি চীন-ফিলিস্তিন সম্পর্ককে আরও গভীর ও কার্যকর পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।
সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনি শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের অভিজ্ঞতা তুলে ধরে সান ঝেন বলেন, ফিলিস্তিনি জনগণের মানবিক পরিস্থিতি ও তাদের প্রতিদিনের দুর্ভোগ তিনি কাছ থেকে প্রত্যক্ষ করেছেন।
তিনি আরও জানান, চলতি বছর চীন ও ফিলিস্তনের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার তৃতীয় বর্ষপূর্তি। এই উপলক্ষে দুই দেশের কূটনৈতিক ও সহযোগিতামূলক সম্পর্ক আরও সম্প্রসারণে চীন সক্রিয়ভাবে কাজ করে যাবে বলেও তিনি আশ্বাস দেন।