রবিবার , ৩০ আগস্ট ২০২৬
রবিবার , ৩০ আগস্ট ২০২৬
হোমবিশ্বযুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় আবারও ঊর্ধ্বমুখী আন্তর্জাতিক তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় আবারও ঊর্ধ্বমুখী আন্তর্জাতিক তেলের দাম

favicon
ভোরের আলো ডেস্ক:
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় আবারও ঊর্ধ্বমুখী আন্তর্জাতিক তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে দ্রুত কূটনৈতিক সমাধানের সম্ভাবনা কমে যাওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও অপরিশোধিত তেলের দাম বেড়েছে।


মঙ্গলবার (৪ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, বৈশ্বিক মানদণ্ড **ব্রেন্ট ক্রুড** তেলের দাম ব্যারেলপ্রতি ৬২ সেন্ট বা ০.৭ শতাংশ বেড়ে ৮৪.৩৯ ডলারে পৌঁছেছে। এর আগে ধারাবাহিক দরপতনের ফলে ব্রেন্টের দাম তিন সপ্তাহের সর্বনিম্ন অবস্থানে নেমে গিয়েছিল।


একই সময়ে যুক্তরাষ্ট্রের **ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)** অপরিশোধিত তেলের দামও ৬১ সেন্ট বা ০.৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮০.৯৫ ডলারে দাঁড়িয়েছে। আগের লেনদেনে ডব্লিউটিআইয়ের দাম ৫ শতাংশের বেশি কমে প্রায় এক সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।


এদিকে, সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা অব্যাহত রয়েছে। তবে এই দাবি সরাসরি নাকচ করেছে তেহরান।


ট্রাম্প বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং কাতারসহ কয়েকটি দেশের অনুরোধে ওয়াশিংটন ইরানের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার স্পষ্ট জানায়, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো আলোচনা চলছে না।


ইরানের বক্তব্যের বিপরীতে ট্রাম্প বলেন, দুই দেশের মধ্যে যোগাযোগ চলছে এবং একটি সমঝোতায় পৌঁছানোর সুযোগ এখনো রয়েছে। তার ভাষায়, ইরানের জন্য একটি ভালো চুক্তিতে পৌঁছানোর এটিই শেষ সুযোগ। এই পাল্টাপাল্টি অবস্থান এবং আঞ্চলিক অনিশ্চয়তার প্রভাবেই আন্তর্জাতিক তেলের বাজারে মূল্য আবারও ঊর্ধ্বমুখী হয়েছে।