মানগত আপত্তিতে ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ
ভারত থেকে আমদানি করা প্রায় ১১ হাজার ৫০০ মেট্রিক টন নন-বাসমতি সেদ্ধ চালের মান নিয়ে আপত্তি জানিয়ে চালানটি ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এ ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চালের চালানটি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর প্রাথমিক পরীক্ষায় খাদ্যোপযোগী হিসেবে ছাড়পত্র পেলেও পরবর্তী বিস্তারিত পরীক্ষায় নির্ধারিত মানদণ্ড পূরণ না করার বিষয়টি ধরা পড়ে। এরপর চালের গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠে।
জানা গেছে, চালানটির প্রায় ৩ হাজার ৫০০ মেট্রিক টন খালাসের পর অবশিষ্ট অংশের মান নিয়ে আপত্তি জানানো হয়। পরবর্তীতে পুরো চালানই ভারতে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
এই চাল আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বহুজাতিক কোম্পানির মজুত থেকে ভারতীয় রপ্তানিকারকদের মাধ্যমে বাংলাদেশে সরবরাহ করা হয়েছিল।
বাণিজ্যসংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, চালের মান নিয়ে আপত্তির পাশাপাশি বাংলাদেশের খাদ্য অধিদপ্তরের অভ্যন্তরীণ প্রক্রিয়াগত জটিলতা বা সিদ্ধান্ত গ্রহণে বিলম্বও পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। তাদের আশঙ্কা, বিষয়টি সুষ্ঠুভাবে সমাধান না হলে ভবিষ্যতে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় খাদ্যবাণিজ্যে এর প্রভাব পড়তে পারে।
তবে এ বিষয়ে বাংলাদেশ বা ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিস্তারিত বক্তব্য প্রকাশ করা হয়নি।