ইরাকের সঙ্গে সম্পর্ক ইতিহাসের সেরা অবস্থানে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
প্রতিবেশী ইরাকের সঙ্গে ইরানের দ্বিপাক্ষিক সম্পর্ক বর্তমানে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ও ইতিবাচক অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
সোমবার (৩ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, আব্বাস আরাঘচি বলেন, ইরাক সরকারের সঙ্গে ইরানের বর্তমান সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। তিনি জানান, দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা সহযোগিতা ধারাবাহিকভাবে আরও জোরদার হচ্ছে।
সম্প্রতি ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ওই সফরে দুই দেশের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক আলোচনা হয়েছে, যা পারস্পরিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে সহায়ক হবে।
আরাঘচি আরও বলেন, ইরান ও ইরাকের সহযোগিতা শুধু কূটনৈতিক সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়। আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে দুই দেশ অভিন্ন রাজনৈতিক অবস্থান গ্রহণের পাশাপাশি অর্থনৈতিক বিনিময় বৃদ্ধি এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতেও ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে কাজ করছে।
তার মতে, পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে ইরান-ইরাক সম্পর্ক ভবিষ্যতেও আরও বিস্তৃত হবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।