পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ
শিল্প খাতে নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। মার্কিন ক্রেতাদের চীন থেকে ক্রয় কমানোর প্রবণতা এ অবস্থান ধরে রাখতে সহায়তা করেছে।
বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-এর ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ২০২৫ অনুযায়ী, টানা পঞ্চমবারের মতো বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত বছর বাংলাদেশ ৩৮.৮২ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে, যা তৃতীয় অবস্থানে থাকা ভিয়েতনামের তুলনায় প্রায় ২ বিলিয়ন ডলার বেশি। তবে বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি ছিল মাত্র ০.৮৯ শতাংশ, যেখানে ভিয়েতনামের প্রবৃদ্ধি ১০.৫৩ শতাংশ।
এদিকে, বিশ্ববাজারে শীর্ষস্থান ধরে রাখলেও চীনের পোশাক রপ্তানি কমেছে। ২০২৫ সালে দেশটি ১৫৭.১১ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে, যা আগের বছরের তুলনায় ৪.৯২ শতাংশ কম। ফলে বৈশ্বিক পোশাক বাজারে চীনের অংশীদারত্ব নেমে এসেছে ২৭.৩৫ শতাংশে।
বাংলাদেশ বর্তমানে বৈশ্বিক পোশাক রপ্তানি বাজারের ৬.৭৬ শতাংশ এবং ভিয়েতনাম ৬.৫৩ শতাংশ নিয়ন্ত্রণ করছে।
বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, চীনের বাজারের আকার এত বড় যে অন্য দেশগুলো এখনো সেই পরিমাণ রপ্তানি বাড়াতে পারেনি। এ কারণেই বাংলাদেশ দ্বিতীয় অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে, যদিও প্রথম স্থানে থাকা চীনের সঙ্গে ব্যবধান এখনও অনেক বড়।