বৃষ্টি ও উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চলে প্লাবন
টানা বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল থেকে ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
চলতি বর্ষা মৌসুমে এটি সপ্তমবারের মতো তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করল।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, মঙ্গলবার (৪ আগস্ট) রাত থেকেই নদীর পানি বাড়তে শুরু করে। এর ফলে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, টেপাখড়িবাড়ীসহ বেশ কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে যাচ্ছে বাড়িঘর ও ফসলি জমি।
এদিকে, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং সংলগ্ন উজান এলাকায় ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে এসব অঞ্চলের নদী-তীরবর্তী নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।