সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন ও বিস্ফোরকসদৃশ বস্তু নিক্ষেপ, তদন্তে পুলিশ
সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন ও বিস্ফোরকসদৃশ বস্তু নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) রাতে শহরের কেশব মোড় এলাকায় অবস্থিত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বাড়ির দক্ষিণ পাশের লোহার গেটের ওপরের অংশ লক্ষ্য করে দুর্বৃত্তরা বিস্ফোরকসদৃশ একটি বস্তু নিক্ষেপ করে এবং পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তবে আগুন অল্প সময়ের মধ্যেই নিভে যায়।
খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরবর্তীতে বাড়িটির নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কারা জড়িত এবং কী উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিক্ষিপ্ত বস্তুর প্রকৃতি ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।